প্রতিনিধি ২৬ মে ২০২৬ , ৮:৪৪:১৬ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমানঃ
সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রশাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে নাসিম ফকির (৩২) ও হাফিজুল ফকিরের ছেলে মেহেদী (২৫)। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে তালা উপজেলার তেঁতুলিয়া মসজিদের বড় পুকুরের দক্ষিণ-পশ্চিম কোণে খুলনা-পাইকগাছা আঞ্চলিক মহাসড়কের কালভার্টের কাছে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন, ইউনিয়ন পরিষদ দফাদার ফারুক হোসেন বলেন, মেহেদী ঢাকায় থাকে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে এসেছে। তাদের মৎস্য ঘেরের গলদা রেনু কেনার জন্য ভোরে নাছিম ফকির মেহেদী কে সাথে মটর সাইকেল চালিয়ে চুকনগর যাচ্ছিলো। পথিমধ্যে তেতুলিয়ায় পৌঁছালে ১৮ মাইলের দিক থেকে আসা ঢাকা মেট্রো-অ১৪-১৫৫৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ তারা নিহত হয়। উভয়ের গাড়ির চলার গতি বেশী হওয়ায় মটর সাইকেলটি পিক-আপের নীচে ঢুকে যায়। এসময় ঘটনাস্থলেই চালক নাছিমের মৃত্যু হয়। আহত মেহেদীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
খবর পেয়ে তালা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে মরদেহ উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

















