তালা

তালায় খাল খনন উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব!

  প্রতিনিধি ২২ জুন ২০২৬ , ১:০৪:০৪ অনলাইন সংস্করণ

কে এম শাহীনুর রহমান:

সাতক্ষীরার তালায় জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা “উত্তরণ” এর ওয়াটার জাস্টিস ফান্ডের সহযোগিতায় ও উপজেলা পানি কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এই খাল খনন করা হচ্ছে বলে জানা গেছে।

সোমবার (২২ জুন) দুপুর ১২টায় উপজেলার শিরাশুনী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।

‎উত্তরণের পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া।

বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, জলাবদ্ধতা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান সমস্যা। খাল সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মানুষের দুর্ভোগ কমবে এবং কৃষি ও পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

‎উল্লেখ্য এই প্রকল্পের আওতায় শিরাশুনী জামতলা থেকে ভবানীপুর পর্যন্ত খাল সংস্কার ও খনন করা হবে বলে জানা গেছে।

আরও খবর