জাতীয়

তালার কৃতি সন্তান ব্রিগেডিয়ার আসাদুজ্জামান স্বাধীনতা পুরস্কারে ভূষিত!  

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ , ৪:৪০:৩৯ অনলাইন সংস্করণ

কে এম শাহীনুর রহমান :

চিকিৎসা সেবায় গৌরবোজ্জ্বল ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরে ‘স্বাধীনতা পুরস্কার’ পেয়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার কৃতি সন্তান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এর পরিচালকব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালসহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়। প্রধান মন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করেন।

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী গ্রামের কৃতি সন্তান। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ও তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবু তালেব মোড়লের কনিষ্ঠ পুত্র।

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান জানান, চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণার লক্ষ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। ঐতিহ্যবাহী এ হাসপাতালে বর্তমানে ৪২টি বিভাগ এবং দুই হাজার ৬০০ শয্যাবিশিষ্ট অন্তঃবিভাগ রয়েছে। প্রতিদিন প্রায় পাঁচ হাজার রোগী বহির্বিভাগে এবং প্রায় এক হাজার ৭০০ রোগী জরুরি বিভাগে চিকিৎসা নেন। এছাড়া অন্তঃবিভাগে প্রতিদিন গড়ে প্রায় চার হাজার রোগী ভর্তি থাকেন।

জানা গেছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে হাসপাতালটির চিকিৎসক, শিক্ষার্থী, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসা ও সহায়তা দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে প্রায় তিন হাজার আহত ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে প্রতিষ্ঠানটি বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি কোভিড-১৯ মহামারীতেও হাসপাতালটি নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা দিয়ে অসংখ্য মানুষের জীবন রক্ষায় ভূমিকা রেখেছে।

এ বছর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর জন্য মনোনীত করা হয়েছে।

এ বিষয়ে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান বলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিরাশুনী গ্রামের কৃতি সন্তান। তিনি বিগত ২০২৪ সালের ৪ জানুয়ারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করে অদ্যবধি সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। জাতীয় পর্যায়ে সম্মাননা অর্জনের এই গৌরবময় মুহূর্ত শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় বরং আমাদের পুরো এলাকার জন্য এক বিশাল অনুপ্রেরণা। তার এই অর্জন প্রমাণ করে পরিশ্রম, সততা ও নিষ্ঠা থাকলে যেকোনো স্বপ্নই বাস্তবে রূপ নেয়। তার এই সাফল্যে পুরো সাতক্ষীরাবাসী গর্বিত ও আনন্দিত। তালাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।

আরও খবর