প্রতিনিধি ১ এপ্রিল ২০২৬ , ৩:৫৯:৪০ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমান:
সাতক্ষীরার তালা উপজেলায় কর্মরত সরকারী অধিদপ্তরের অধিকাংশ সরকারী কর্মকর্তা সরকারের কোনো নির্দেশনা মানেন না। সরকারী পরিপত্র অনুযায়ী প্রতিটি কর্মদিবসে সকাল ৯ টায় অফিসে এসে ৪০ মিনিট অফিসে অবস্থানের নির্দেশনা থাকলেও অধিকাংশ কর্মকর্তা মানেন না।

বুধবার (১ এপ্রিল) সকাল ৯ টায় সরেজমিন পরিদর্শনে এমনই চিত্র ফুঁটে উঠেছে সাংবাদিকদের ক্যামেরায়।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, উপজেলা হিসাব রক্ষণ অফিসে কর্মকর্তা আমিনুল ইসলাম অফিসে আসেননি। এমনকি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা গাজী মাজহারুল আনোয়ার, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার রথীন্দ্র নাথ হালদার কে অফিসে পাওয়া যায়নি তবে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা কৌশিক রায় পাশের রুমেই ছিলেন বলে জানা গেছে। এসকল অফিসের অফিস সহকারীদের কাছে জানতে চাইলে তারা কেউ বলেন, স্যার ফিল্ডে, কেউ বলেন, স্যার পাশেই আছেন। প্রকৃত ঘটনা হলো এ সকল কর্মকর্তা কেহই অফিসে আসেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এখন বাইকের তেল নিয়ে সমস্যা হচ্ছে সে কারণে হয়তো দেরিতে আসছে। তবে এই বিষয় নিয়ে তাদের সাথে কথা বলবো। তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বলেন, এই নির্দেশনা তো আরও ১ মাস পূর্বে চালু হয়েছে আপনারা আজ কেন আসছেন?

















