প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ , ১:২০:৩৭ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমান:
সাতক্ষীরার তালায় তিন পুরুষের বসতবাড়ি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে ফেলে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে উত্তর মাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।
উত্তর মাছিয়াড়া গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে ইউনুচ মোড়ল জানান, প্রায় ৪ শতক জমির ওপর তাদের বাপ-দাদার তিন পুরুষের বসতভিটা রয়েছে। প্রায় আট বছর আগে এ জমি নিয়ে প্রতিপক্ষ হযরত আলী মোড়ল আদালতে মামলা করেন, যা এখনো চলমান। আজ সকালে আমরা বাড়িতে না থাকার সুযোগে ১১টার দিকে মৃত্যু ছবেদ আলী মোড়লের ছেলে হযরত আলী মোড়ল (৫৭) ও তার ছেলে রাসেল মোড়ল (১৯) আমাদের ঘরের টিন ও টালির ছাউনি দেওয়া চারটি ঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।
তিনি জানান, এ সময় তার ঘরে থাকা নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা এবং প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এসময় তারা আমার ছোট ভাই আকবার মোড়লের ঘর ভাঙচুর করে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাধা দিতে গেলে বৃদ্ধ মা মোমেনা বেগম (৮০)-কে মারধর করা হয় বলে জানান তিনি।
এঘটনার বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই ভুক্তভোগী।
অভিযুক্ত রাসেল মোড়ল বলেন, “জমিটি আমাদের রেকর্ডভুক্ত। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ হয়েছে এবং রায় আমাদের পক্ষে এসেছে। তারা জমি না ছাড়ায় আমরা ঘর ভেঙেছি। তবে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এখনো কেনো অভিযোগ আসেনি। তবে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

















