প্রতিনিধি ১ জুলাই ২০২৬ , ৫:৩৪:২০ অনলাইন সংস্করণ
কে এম শাহীনুর রহমানঃ
সাতক্ষীরার তালা সরকারী বিদে উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র কুশল সরকার (১৩)’র আর বিদ্যালয়ে যাওয়া হলো না। পথিমধ্যে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। সে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামের স্কুল শিক্ষক কানাই লাল সরকার ও স্কুল শিক্ষিকা মৌমিতা সরকারের ছেলে। এই ঘটনায় তার পিতাও আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১ জুলাই) সকাল ৮ টায় উপজেলার শাহাপুর বাজারের ব্র্যাক অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার নলতা গ্রামের কানাই লাল সরকার রথখোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্ত্রী মৌমিতা সরকার হাতবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। যাওয়া আসার সুবিধার জন্য ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে ভাড়া বাসায় বসবাস করতেন। মেধাবী ছেলে কে ভালোভাবে লেখাপড়ার জন্য তালা সরকারী বিদে উচ্চ বিদ্যালয়ে ভর্তী করান তারা। কানাই লাল সরকার প্রতিদিন ছেলে কে বিদ্যালয়ে পৌঁছে দিয়ে নিজের স্কুলে যান। অন্য দিনের ন্যায় কুশল সরকার চুকনগর ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে বাবার সাথে স্কুলে রওনা দেয়। পথিমধ্যে তালা উপজেলার শাহাপুর বাজারের ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী মেট্রো-জ-০৫-০০৪৯ নম্বরের বাসটি মোটরসাইকেল ওভারটেক করার সময় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লেগে পড়ে যায়। এসময় কুশল সরকার ছিটকে বাসের পিছনের চাকার নীচে পড়লে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার বাবা কানাই লাল সরকারও মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন।
প্রত্যক্ষদর্শী ফেরদৌস, মিজানসহ অনেকেই জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত সোনাই সরকারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তবে ঘটনাস্থলেই কুশল সরকারের মৃত্যু হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

















