কে এম শাহীনুর রহমান:
সাতক্ষীরার তালায় দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ বালু উত্তোলন করার অপরাধে রায়হান কবির সবুজ কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ঘটনায় অনাদায়ে ১৪ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান। সে শিরাশুনি গ্রামের বাবরালী মোড়লের ছেলে।
রবিবার (০২ মার্চ) দুপুরে উপজেলার শিরাশুনী গ্রামের পাতিলার বিলে এঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, সবুজ একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে পাতিলার বিল থেকে দির্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন মেশিন দিয়ে বালু উঠিয়ে বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান অভিযান চালিয়ে বালু উত্তোলন অবস্থায় হাতেনাতে আটক করে অফিসে নিয়ে যান। তাকে ছাড়ানোর জন্য শিরাশুনি গ্রামের এক সেনা কর্মকর্তা দৌড়ঝাপ শুরু করেও ব্যর্থ হন। তিনিও কিছুদিন আগে অবৈধ ভাবে বালু উত্তোলন করেছেন বলে একটি সূত্র জানায়। কহারো সুপারিশে কর্ণপাত না করে এবং অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান আটক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ও অনাদায়ে ১৪ দিন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অবশেষে ৫০ হাজার টাকা নগদ প্রদান করে সবুজ শেষ রক্ষা পায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আগামীতে এ ধরনের অপরাধ করলে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।